ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির ওপর নাখোশ খালেদা
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ওপর অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শিগগির নতুন কমিটি করার কথাও তিনি সংগঠনটির নেতাদের জানিয়ে দিয়েছেন। তবে নতুন কমিটি না হওয়া পর্যন্ত বর্তমান কমিটিকে দায়িত্ব পালন করতে বলেছেন।
আজ সোমবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাদের তাঁর কার্যালয়ে ডেকে পাঠান। গুলশান কার্যালয়ে প্রায় দুই ঘণ্টা ছাত্রদলের নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।
বৈঠকে উপস্থিত থাকা সংগঠনটির একাধিক নেতা প্রথম আলোকে জানান, সরকারবিরোধী আন্দোলনে মাঠে না থাকা এবং ক্যাম্পাসে অবস্থান নিতে না পারায় বিশ্ববিদ্যালয় কমিটির ওপর চরম অসন্তোষ প্রকাশ করেন খালেদা জিয়া। তিনি বিশ্ববিদ্যালয় কমিটিকে ‘ব্যর্থ’ হিসেবে উল্লেখ করেন। কেন দীর্ঘ সময়ে হলগুলোর কমিটি দেওয়া হয়নি, বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি করা হয়নি তাও জানতে চান তিনি। নেতারা এসব প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি।
খালেদা জিয়া সংগঠনের নেতাদের জানিয়ে দিয়েছেন, এই কমিটি ভেঙে নতুন কমিটি করা হবে। যারা বাদ পড়বে তাদের অন্য জায়গায় অন্তর্ভূক্ত করা হবে।
বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহিদুল হাসান, সাধারণ সম্পাদক মাসুদ খান, সাংগঠনিক সম্পাদক মিনহাজ উদ্দিনসহ বিশ্ববিদ্যালয় ও হল শাখার নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।