ছাত্রদলের তিন কর্মীকে পেটাল ছাত্রলীগ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত বুধবার রাতে ছাত্রদলের তিনজন কর্মীকে ছাত্রলীগের নেতা-কর্মীরা পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ছাত্রদলের ওই তিন কর্মী হলেন আইন বিভাগের আমিনুল ইসলাম, পদার্থবিদ্যা বিভাগের আবু তাহের ও গণিত বিভাগের বদরুজ্জামান। তিনজনই চতুর্থ বর্ষের ছাত্র।

পুলিশ ও ছাত্রদল সূত্র জানায়, বুধবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে শাটল ট্রেন পৌঁছলে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী ছাত্রদলের কর্মীদের ধাওয়া করেন। এ সময় তাঁরা তিনজনকে ধরে বেধড়ক মারধর করেন। এতে তিনজন আহত হন। আহতদের মধ্যে বদরুজ্জামানের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম বলেন, ‘বিনা কারণে ছাত্রলীগ আমাদের কর্মীদের পিটিয়ে আহত করেছে। প্রশাসন এর বিচার না করলে আমরা কঠোর আন্দোলনে যাব।’

অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে ছাত্রলীগের নেতা-কর্মীরা অবশ্যই তা প্রতিহত করবে।