ছাত্রদলের দুই নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক রয়েল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক নাসিরকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে রাজধানীর মিরপুর ও উত্তরা থেকে তাঁদের আটক করা হয়।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, গতকাল রাত ১১টার দিকে মিরপুরের শেওড়াপাড়া এলাকায় বাসে ওঠা নিয়ে আনোয়ারুলের সঙ্গে একটি বাসের চালকের সহযোগীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আনোয়ারুল কোমরে থাকা একটি লাইসেন্স করা অস্ত্র বের করে চালকের দিকে তাক করেন। পরিস্থিতি সামাল দিতে ওই স্থানে দায়িত্বরত একজন ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে এগিয়ে এলে তাঁর দিকেও অস্ত্রটি তাক করেন তিনি। লাইসেন্স করা অস্ত্র ব্যবহারের শর্ত ভঙ্গের দায়ে আনোয়ারুলকে আটক করা হয়েছে। এদিকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জানান, প্রায় একই সময়ে উত্তরার ১০ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের একটি বাসা থেকে ওবায়দুলকে আটক করা হয়। ওবায়দুল গত ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর ককটেল নিক্ষেপের ঘটনায় করা মামলার আসামি।