শাহবাগে বাসে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা মামলায় ছাত্রদলের দুই নেতাকে ফের তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম হারুন-অর-রশিদ এই আদেশ দেন। গতকাল শাহবাগ থানা পুলিশ দুই আসামিকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে আরও ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। আদালত তা নাকচ করে দেন।
আসামিরা হলেন, ঢাকা মহানগর ছাত্রদলের ৭০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি উজ্জ্বল হোসেন এবং কর্মী মো. সোহেল। আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, তিন দিনের রিমান্ডে আসামিরা বোমা হামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাঁদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের আরও জিজ্ঞাবাদ করা প্রয়োজন।
৬ ডিসেম্বর আসামি উজ্জ্বল ও সোহেলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ওই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল করিব রিজভী, সাদেক হোসেন খোকাসহ বিএনপি-জামায়াতের ১৮ নেতাকে হুকুমের আসামি করা হয়েছে। এর মধ্যে রিজভী ও খোকাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে পৃথক আদালত খিলগাঁও থানার একটি মামলায় স্থানীয় বিএনপির পাঁচজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আসামিরা হলেন, খিলগাঁও থানা বিএনপির সভাপতি ইউনুস আলী মৃধা, সহসভাপতি ফরাদ হোসেন, সহসম্পাদক মো. জামাল উদ্দিন এবং কর্মী নজরুল ইসলাম ও সাজ্জাদুর রহমান। মহানগর হাকিম এস এম আশিকুর রহমান এ আদেশ দেন।