রাজধানীর শাহবাগে বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার উজ্জ্বল হোসেন (২৬) ও সোহেল চানকে (২৮) তিন দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার তাঁদের ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল দুপুর ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডে পুলিশের গণমাধ্যম তথ্যকেন্দ্রে এক সংবাদ ব্রিফিংয়ে মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, গত শুক্রবার রাত আড়াইটার দিকে রাজধানীর শান্তিনগর ও বংশাল এলাকা থেকে উজ্জ্বল ও সোহেলকে গ্রেপ্তার করা হয়। উজ্জ্বল ৭০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ও সোহেল ছাত্রদলের কর্মী।
পুলিশ জানায়, সাব্বির নামের ছাত্রদলের এক কর্মীকে সম্প্রতি লালবাগ থানা এলাকা থেকে অন্য একটি ঘটনার পরিপ্রেক্ষিতে বিস্ফোরক দ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছিল। তিনি শাহবাগের ঘটনায়ও জাড়িত ছিলেন। তাই এই মামলায় তাঁকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতে তা শুনানির অপেক্ষায় আছে।
গত ২৮ নভেম্বর সন্ধ্যায় শাহবাগে শিশুপার্কের সামনে বিহঙ্গ পরিবহনের যাত্রীবাহী মিনিবাসে পেট্রলবোমা হামলা করা হয়। এতে ১৯ জন যাত্রী দগ্ধ হন। তাঁদের মধ্যে তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশের পাশাপাশি ডিবিও ঘটনার তদন্ত শুরু করে।
ব্রিফিংয়ে মনিরুল ইসলাম বলেন, তথ্যদাতাদের (সোর্স) সহযোগিতা, প্রযুক্তি ব্যবহারসহ বিভিন্ন কৌশলে শাহবাগের ওই হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে গত শুক্রবার ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
মনিরুল ইসলাম দাবি করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন পুলিশকে বলেছেন, ঘটনার দিন দুপুরের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে তাঁরা সাত-আটজন সমবেত হন। সন্ধ্যার দিকে অন্ধকার ঘনিয়ে এলে সড়কে গিয়ে ফুটপাত ও সড়কদ্বীপে দুই ভাগে বিভক্ত হয়ে অবস্থান নেন। কিছুক্ষণ পর যাত্রীবাহী বিহঙ্গ পরিবহনের মিনিবাসটি কাছাকাছি এলে তাঁদের একজন বাসের সামনের দিক লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে মারেন। এতে সামনের কাচ ভেঙে পেট্রলবোমা বিস্ফোরিত হয়ে বাসে দাউ দাউ করে আগুন ধরে যায়। কিছুদূর যাওয়ার পর মিনিবাসটি সড়কদ্বীপের সঙ্গে ধাক্কা লেগে থেমে যায়। এরপর তাঁরা দ্রুত পালিয়ে যান।
‘গ্রেপ্তার দুজনের মধ্যে কে পেট্রলবোমা ছুড়েছে?’—প্রশ্ন করলে মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তার দুজন একে অপরকে পেট্রলবোমা নিক্ষেপকারী হিসেবে চিহ্নিত করছেন। তবে সোহেল বিস্ফোরক দ্রব্য নিক্ষেপে পারদর্শী বলে জানা গেছে। তার পরও রিমান্ডে এনে তাঁদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে বিষয়টি নিশ্চিত করা হবে।
মনিরুল ইসলাম দাবি করেন, অবরোধের সময় জনমনে আতঙ্ক ও গণমাধ্যমে সংবাদ কাভারেজ পাওয়ার জন্য গ্রেপ্তার ব্যক্তিরা এ নাশকতার আশ্রয় নিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। ইতিমধ্যে তাঁরা অন্তত ৫০টির মতো এ ধরনের নাশকতার ঘটনা ঘটিয়েছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। তিনি দাবি করেন, শাহবাগসহ বিভিন্ন হামলার ঘটনায় আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। নির্দেশদাতা ও উসকানিদাতা হিসেবে কেন্দ্রীয় কয়েকজন নেতার সম্পৃক্ততার তথ্যও পাওয়া যাচ্ছে। এসব ঘটনায় অর্থের জোগানদাতাদের নামও পাওয়া গেছে।
ডিবির এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারের পর ওই দুই যুবককে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তাঁরা। সেখানে গ্রেপ্তার ব্যক্তিরা কোন জায়গায় অবস্থান নিয়ে কীভাবে পেট্রলবোমা ছুড়েছেন, কোথায় গিয়ে মিনিবাসটি থেমে গিয়েছিল—এসব পুলিশকে বর্ণনা করে দেখিয়েছেন।