ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার
নোয়াখালীর সোনাইমুড়ী বাইপাস থেকে ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা যাওয়ার পথে একটি মাইক্রোবাস থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আমিশাপাড়া কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মানিক্যনগর গ্রামের খোকা মিয়ার ছেলে শাহ আলম (২১) ও আমিশাপাড়া আলিয়া মাদ্রাসা ছাত্রদলের আহ্বায়ক ব্রজেরগাঁও গ্রামের মো. বাপ্পি (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রদল নেতা শাহ আলম ও বাপ্পি গতকাল বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা যাওয়ার জন্য সোনাইমুড়ী বাইপাসে একটি ভাড়া মাইক্রোবাসে ওঠেন। এরপরই থানা পুলিশের কয়েকজন সদস্য এসে তাঁদের গ্রেপ্তার করেন।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম অভিযোগ করেন, পুলিশ ছাত্রদলের দুই নেতা শাহ আলম ও বাপ্পিকে গ্রেপ্তারের পর থানায় নিয়ে নির্যাতন করেছে। জানতে চাইলে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সামাদ। প্রথম আলোকে তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁদের নির্যাতন করা হয়নি। আজ বুধবার তাঁদের নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতে পাঠানো হবে।