সিলেট সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক হারুন-অর-রশিদ খুনের ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক চারাদীঘিরপাড়ের দুলাল আহমদ (২৩) ও সংগঠনের জেলা কমিটির সদস্য একই এলাকার আতাউল গনি ওরফে উমন (৩০)। এই নিয়ে শিক্ষক খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হলো।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, পুলিশ গত মঙ্গলবার রাতে ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি জামাল আহমদ ওরফে কালা জামালকে গ্রেপ্তার করে। জামালের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ গতকাল রাত ১০টার দিকে মহানগরের চারাদীঘিরপাড় এলাকা থেকে দুলাল ও উমনকে গ্রেপ্তার করে। মহানগর পুলিশের উপকমিশনার আহসান হাবীব প্রথম আলোকে বলেন, ‘পুলিশ শতভাগ নিশ্চিত হয়ে ওই দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব গ্রেপ্তার হওয়া ওই দুই নেতা ছাত্রদলের বলে নিশ্চিত করেছেন। তবে তিনি দাবি করেন, শিক্ষক খুনের ঘটনার সঙ্গে এই দুজনের জড়িত থাকার কথা নয়।জামাল চার দিনের রিমান্ডেআদালত সূত্রে জানা গেছে, শিক্ষক খুনের ঘটনায় জামাল আহমদ ওরফে কালা জামালের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল তাঁকে সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। গত রোববার কলেজ থেকে বাসায় ফেরার পথে নগরের গৌড়গোবিন্দ টিলার পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন সহযোগী অধ্যাপক হারুন-অর-রশিদ।শিক্ষক খুনের ঘটনা বেদনাদায়ক: শিক্ষামন্ত্রীহারুন-অর-রশিদ খুনের বিচার চেয়ে কলেজশিক্ষকদের ‘লিয়াজোঁ কমিটি’ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে স্মারকলিপি দিয়েছে। গতকাল সকালে সিলেটের সার্কিট হাউসে শিক্ষামন্ত্রীর কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। বিকেলে শিক্ষামন্ত্রী সরকারি মহিলা কলেজে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিষয়ে মতবিনিময় সভায় যোগ দেন। সভায় সিলেট অঞ্চলের শিক্ষকেরা ওই হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষক হত্যার ঘটনাটি আমাদের সবার জন্য দুঃখ ও বেদনার কারণ। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তার করে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।’সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এস এ খালেকের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট এমসি কলেজের অধ্যক্ষ সৈয়দা শামছুন্নাহার।