ছাত্রদলের দুই নেতা রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গাবতলী এলাকায় অভিযান চালিয়ে গত বুধবার রাতে দুই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। জিজ্ঞাসাবাদের জন্য গতকাল তাঁদের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
ডিবির দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক মৃণাল কান্তি বৈষ্ণব ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. জাকির হোসাইন। জাকির ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদকও। গাবতলীর একটি বাস কাউন্টারের সামনে থেকে ২০টি পেট্রলবোমাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিন্টো রোডের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মো. মনিরুল ইসলাম বলেন, ছাত্রদলের কিছুসংখ্যক নেতা-কর্মী পেট্রলবোমা নিয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন, এমন খবর পেয়ে ডিবি সেখানে অভিযান চালায়। ওই দুজনের বিরুদ্ধে দারুসসালাম থানায় বিস্ফোরক আইনে মামলা করা হয়।