২২ জুলাই প্রথম আলোয় ‘কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর করলেন ছাত্রদলের বিক্ষুব্ধ কর্মীরা’ শিরোনামে প্রকাশিত সংবাদের কিছু অংশের প্রতিবাদ করেছেন ছাত্রদলের সাবেক সহসভাপতি নূরুল ইসলাম ওরফে নয়ন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মো. হাসান মামুন। প্রতিবাদপত্রে নয়ন বলেছেন, ‘ওই ঘটনার সঙ্গে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত নই। ওই সময় আমি কার্যালয়ের সামনে উপস্থিত ছিলাম না।’ আর হাসান মামুন বলেছেন, ওই ভাঙচুরের ঘটনায় তিনি বা তাঁর কোনো অনুসারী জড়িত নন।প্রতিবেদকের বক্তব্য: নয়ন ও হাসান মামুন ওই ঘটনার সময় উপস্থিত ছিলেন বা ভাঙচুর করেছেন, এমন কথা ওই প্রতিবেদনে ছিল না। প্রতিবেদনে বলা হয়েছিল, নয়নের অনুসারীরা এই কাজ করেছেন। এ ছাড়া ওই ঘটনায় জড়িত হিসেবে হাসান মামুনের কয়েকজন অনুসারীর নাম ছাপা হয়েছিল, সেটা প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র থেকে নিশ্চিত হয়ে। অবশ্য পরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের বিবৃতিতে এবং দলটির দায়ের করা মামলায়ও নয়নকে অভিযুক্ত করা হয়েছে। সংশোধনী: গত শনিবার ‘ছাত্রদলের নেতৃত্বে আবার বয়স্করা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে ভুলবশত লেখা হয়েছে সংগঠনের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম ১০ বছর আগে বিয়ে করেছেন ও ছয় বছরের কন্যাসন্তান আছে। তিনি ’৮৬-৮৭ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। প্রকৃতপক্ষে তিনি বিয়ে করেছেন আরও অনেক পরে, তাঁর কোনো সন্তান নেই। তিনি ‘৮৯-৯০ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত। বা.স.