ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ শহরে গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় একটি কমিউনিটি সেন্টার ও বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। পরে ৩৫টি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ছাত্রদলে বিভক্তি চলছে। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জেলা কমিটির আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী এবং অন্য পক্ষের নেতৃত্বে আছেন কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ। গতকাল বেলা ১১টার দিকে বৃন্দাবন সরকারি কলেজ ক্যাম্পাসে মুশফিকের সমর্থক ছাত্রদলের সদস্য রনির সঙ্গে তাজুল ইসলামের সমর্থক শাওনের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে উভয়ের পক্ষ নিয়ে জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে কলেজ লাগোয়া দ্য রোজেস কিন্ডারগার্টেন, বিকেজিসি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বিয়াম ল্যাবরেটরি স্কুল ও বার্ডস কেজি অ্যান্ড হাইস্কুল ছুটি হয়। সংঘর্ষের ঘটনায় বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। অভিভাবকেরাও সন্তানদের নিয়ে দিগিবদিক ছুটতে থাকেন। ছাত্রদলের এক পক্ষের নেতা-কর্মীরা অন্য পক্ষকে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করতে থাকেন। এ সময় অনেকের হাতে চাপাতি, চায়নিজ কুড়ালসহ ধারালো অস্ত্র ছিল। ছাত্রদলের নেতা তাজুল ইসলামের পক্ষ নেয় শহরের রাজনগর এলাকার কিছু বাসিন্দা এবং মুশফিকের পক্ষ নেয় সুলতান মাহমুদপুর এলাকার কিছু লোক। তারা পুরো এলাকায় প্রায় দেড় ঘণ্টা তাণ্ডব চালায়। এ সময় শহরের অনামিকা কমিউনিটি সেন্টার ও বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩৫টি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।