ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ ছাত্রলীগের মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশ মাইল গেটসংলগ্ন কর্মচারী ক্লাব মাঠে গত বুধবার শ্রমিক দলের ইফতার অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাহাত ও সভাপতি জাকিরুল ইসলাম পক্ষের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিক দলের ইফতার অনুষ্ঠানে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। এর সূত্র ধরে পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ মাঠে তাঁদের মধ্যে সংঘর্ষ হয়। দুই পক্ষই রড ও লোহার পাইপ নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে রাহাতের পক্ষের ইতিহাস বিভাগের ৩৮তম ব্যাচের ছাত্র আজমল হোসেন ও জাকিরের পক্ষে ইতিহাস বিভাগের ৩৯তম ব্যাচের নবীনুল ইসলাম আহত হন।
এদিকে শ্রমিক দলের ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ায় রাতেই ছাত্রলীগের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামাল উদ্দিন হলে ছাত্রদলের দুজন কর্মীকে মারধর করেছেন। তাঁরা হলেন পরিবেশবিজ্ঞান বিভাগের ৪১তম ব্যাচের মাজহারুল আলম ও গণিত বিভাগের ৪০তম ব্যাচের শাকিল আহমেদ। তাঁদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জানান, ছাত্রলীগের কেউ ছাত্রদলের কাউকে মারধর করেননি।