জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশ মাইল গেটসংলগ্ন কর্মচারী ক্লাব মাঠে গত বুধবার শ্রমিক দলের ইফতার অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাহাত ও সভাপতি জাকিরুল ইসলাম পক্ষের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিক দলের ইফতার অনুষ্ঠানে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। এর সূত্র ধরে পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ মাঠে তাঁদের মধ্যে সংঘর্ষ হয়। দুই পক্ষই রড ও লোহার পাইপ নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে রাহাতের পক্ষের ইতিহাস বিভাগের ৩৮তম ব্যাচের ছাত্র আজমল হোসেন ও জাকিরের পক্ষে ইতিহাস বিভাগের ৩৯তম ব্যাচের নবীনুল ইসলাম আহত হন।এদিকে শ্রমিক দলের ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ায় রাতেই ছাত্রলীগের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামাল উদ্দিন হলে ছাত্রদলের দুজন কর্মীকে মারধর করেছেন। তাঁরা হলেন পরিবেশবিজ্ঞান বিভাগের ৪১তম ব্যাচের মাজহারুল আলম ও গণিত বিভাগের ৪০তম ব্যাচের শাকিল আহমেদ। তাঁদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জানান, ছাত্রলীগের কেউ ছাত্রদলের কাউকে মারধর করেননি।