পূর্বশত্রুতার জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক নেতাসহ তিন কর্মী আহত হয়েছেন। গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন কাজলা এলাকায় এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হচ্ছেন, ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম এবং দুই কর্মী আমিনুল ও জহির। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও মতিহার থানা সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা বুধবার রাত সাতটার দিকে বেশ কিছু দলীয় নেতা-কর্মীদের নিয়ে কাজলা এলাকায় সভা করছিলেন। এ সময় পূর্বশত্রুতার জেরে সংগঠনের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন রানা এবং কামরুল ইসলামের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সালাউদ্দিন রানা তাঁর সমর্থকদের নিয়ে কামরুলের ওপর হামলা চালায়। এ সময় কামরুলের সমর্থক আমিনুল এবং জহির কামরুলকে রক্ষা করতে গেলে, তাঁরা তাঁদেরকেও পিটিয়ে আহত করেন। ছাত্রদল নেতা আরাফাত রেজা জানান, এটি একটি সাধারণ ও বিচ্ছিন্ন ঘটনা। তিনি এ বিষয়টি ওই রাতেই সাংগঠনিকভাবে মীমাংসা করে দিয়েছেন উল্লেখ করে বলেন, কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।