ছাত্রদলের দুই পক্ষের ধর্মঘট ঘোষণা, পালন আলাদাভাবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের মুক্তি দাবি, দেশব্যাপী ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে গত রোববার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র ধর্মঘটের ডাক দেয় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুটি পক্ষ। একই সঙ্গে কর্মসূচির ডাক দিলেও গতকাল কর্মসূচি পালনের দিন তারা আলাদাভাবে তা পালন করে।
কর্মসূচির অংশ হিসেবে একটি পক্ষ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় ও ক্যাম্পাসে অবস্থিত অগ্রণী ব্যাংক কার্যালয়ে তালা লাগিয়ে দেয়। অন্য পক্ষটি স্টেশন চত্বরে বিক্ষোভ করে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল ভোরে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মিঠুর নেতৃত্বে তাঁর অনুসারীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে তালা ঝুলিয়ে ও বিক্ষোভ করে চলে যান। তবে প্রশাসনিক ভবনে তালা লাগানোর কথা অস্বীকার করেছে পুলিশ।
একই সময়ে জ্যেষ্ঠ সহসভাপতি নেসারুল ইসলামের অনুসারীরা বিশ্ববিদ্যালয় স্টেশনে বিক্ষোভ করেন। তালা লাগানোর কথা স্বীকার করে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মিঠু বলেন, ‘আমি আমার অনুসারীদের নিয়ে ধর্মঘটের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করি।’