ছাত্রদলের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া তিনজনগ্রেপ্তার
মৌলভীবাজারে ছাত্রদলের বিবদমান দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এদিকে বিরোধের জের ধরে প্রতিপক্ষের করা আগের একটি মামলায় ছাত্রদলের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিরোধের জের ধরে জেলা ছাত্রদলের দুটি অংশ শুক্রবার রাত নয়টার দিকে মৌলভীবাজার শহরের চৌমোহনা এলাকায় পাল্টাপাল্টি মিছিল করে। উভয় পক্ষই আক্রমণাত্মক স্লোগান দেয়। এ সময় তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান গতকাল শনিবার ছাত্রদলের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, নিজেদের মধ্যে বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে। কয়েক দিন আগে অপর অংশের করা একটি মামলায় ছাত্রদল নেতা গাজী মারুফ, সেলিম মো. সালাউদ্দিন ও ইউনুছ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।