ছাত্রদলের দুই পক্ষের পাল্টাপাল্টি সভা নওগাঁয় ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছী উপজেলায় ছাত্রদলের দুটি পক্ষ পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করায় উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার মামুন জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে গতকাল বুধবার সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য উপজেলা সদরের সব এলাকায় ১৪৪ ধারা বলবৎ করা হয়।বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, উপজেলা ছাত্রদলের দুটি পক্ষ সকালে মহিলা কলেজ মাঠে একই সময় সম্মেলন প্রস্তুতি কমিটির কর্মী সমাবেশ আহ্বান করে। এর মধ্যে এক পক্ষের নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের সভাপতি আওরঙ্গজেব ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। এ পক্ষকে সমর্থন দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম জাকিতুল্যাহসহ কার্যকরী কমিটির অধিকাংশ সদস্য। অন্য পক্ষের নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের সহসভাপতি সামসুজ্জামান ও যুগ্ম সম্পাদক মনিরুল আহসান চৌধুরী। এ পক্ষকে সমর্থন দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীসহ কয়েকজন সদস্য।