ছাত্রদলের দুই পক্ষের বিবাদ, দুই গ্রামে সংঘর্ষ, আহত ১৫
মাদারীপুরের রাজৈরে ছাত্রদলের দুই পক্ষের বিবাদ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে ১০ জনকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে রাজৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেরাজের সঙ্গে আরেক যুগ্ম আহ্বায়ক হিরনের কোন্দলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল রোববার বেলা ১১টার দিকে ফের সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষ উপজেলার আলমদস্তার ও পশ্চিম রাজৈর গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী ঢাল, সড়কি, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে পুলিশের এসআই আলমগীর হোসেন, নায়েক বাবুল আক্তারসহ (৩৩) আছাদ হোসেন (৩০), আজিজুল ফকির (৩০), মাছুদ ফরাজী (৩০), নাইম হোসেন (১৬), মুজিব মৃধা (১৪), বিকাশ মৃধা (৪৭), নুরুন্নবী (৭), মো. হানিফ (৩০), শহিদুল কাজী (৪৫), কালাম মোল্লা (৩৫) ও সজীব কাজী (২৪) আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে উপজেলাসংলগ্ন মমতা প্রাইভেট ক্লিনিক, দুটি মুদিদোকান ও কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।রাজৈর থানার ওসি নওশের আলী জানান, সংঘর্ষে মাদারীপুর পুলিশলাইনের বাবুল আক্তারকে (৩৩) গুরুতর আহত আবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ১৫টি গুলি ছোড়ে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।