ছাত্রদলের দুই পক্ষের মারামারি
নোয়াখালীর কবিরহাট উপজেলার মধ্যম সুন্দলপুর এলাকায় ছাত্রদলের বিবদমান দুই পক্ষের মধ্যে মারামারি ও পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার মধ্যম সুন্দলপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রদলের সভাপতি মাঈনউদ্দিন সুমনসহ (২৭) অন্তত পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত মাঈনউদ্দিনকে স্থানীয় লোকজন উদ্ধার করে নোয়াখালী শহরের প্রাইম হাসপাতালে ভর্তি করান। এ ছাড়া বাকি আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ বিরোধের জের ধরে বৃহস্পতিবার ছাত্রদলের কর্মী ইসমাইল হোসেনকে মারধর করে দলীয় প্রতিপক্ষ। এ ঘটনার জের ধরে শুক্রবার রাত আটটার দিকে মধ্যম সুন্দলপুর পোলের গোড়ায় ছাত্রদলের সভাপতি মাঈনউদ্দিনের ওপর হামলা চালায় একই দলের ইসমাইলের পক্ষের কর্মীরা। এ নিয়ে বেশ কিছুক্ষণ ওই এলাকায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি। সুন্দলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইলিয়াছ প্রথম আলোকে বলেন, ছাত্রদলের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে ওই মারামারির ঘটনাটি ঘটে।