ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল করাকে কেন্দ্র করে গতকাল রোববার দুপুরে ময়মনসিংহ উপজেলা ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদলের দুই কর্মীসহ অন্তত চারজন আহত হয়েছেন। তাঁরা হলেন: ছাত্রদলের কর্মী এ কে এম আজহারুল হক, এ কে এম তোজাম্মেল হক এবং উপজেলার দিউ গ্রামের সমশের আলী ও ইমাদপুর গ্রামের রিয়াজ উদ্দিন। তাঁদের মধ্যে আজহারুল ও তোজাম্মেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্য দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে ছাত্রদলের একটি পক্ষ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে মিছিল বের করে। ফুলপুর বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার পথে আমুয়াকান্দা মোড়ে পৌঁছালে অপর পক্ষের নেতা-কর্মীরা মিছিলে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের বাগিবতণ্ডা হয়। এর জের হিসেবে তাঁরা রামদা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ফুলপুর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।