ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ঘরোয়া কর্মসূচির মধ্যে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের দুই কর্মী ছুরিকাঘাতে আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে নগরের পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
ছাত্রদলের আহত দুই কর্মীর নাম রাজু ও সগির বলে জানা গেছে। গতকাল স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে চেয়ারে বসা নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
দলীয় সূত্র জানায়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়া এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপ্রচারের প্রতিবাদে গতকাল সভার আয়োজন করে সরাইপাড়া ওয়ার্ড বিএনপি।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। সভাটি খোলা জায়গায় হওয়ার কথা ছিল। বৃষ্টির কারণে তা পাশের একটি কমিউনিটি সেন্টারে স্থানান্তর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কমিউনিটি সেন্টারের ভেতরে চেয়ারে বসা নিয়ে স্থানীয় ছাত্রদলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ওই ওয়ার্ডে বিএনপির দুটি পক্ষের মধ্যে বিরোধ রয়েছে অনেক দিন ধরে। দুই পক্ষের নেতা-কর্মীরা নোমানের ডাকা সভায় যোগ দেন। গত সংসদ নির্বাচনে নোমান ওই এলাকা থেকে চারদলীয় জোটের প্রার্থী ছিলেন।
জানতে চাইলে সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল রহমান প্রথম আলোকে বলেন, ‘দুই পক্ষই হঠাৎ করে উত্তেজিত হয়ে ওঠে। এতে রাজু নামের একজন ছুরিকাঘাত হয়েছেন। হট্টগোলকারীদের কমিউনিটি সেন্টার থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর আমরা সভা করেছি।’
আবদুল্লাহ আল নোমানের ব্যক্তিগত সহকারী নুরুল আজিম বলেন, কর্মীদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতার কারণে এ কাণ্ড ঘটেছে। বড় সংগঠনে এরকম হয়েই থাকে।