ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ আহত ২
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে গতকাল মঙ্গলবার ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে দুই পথচারী আহত হয়েছে। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ছাত্রদলের ওই কলেজ শাখা সভাপতি শোয়েব আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাাদক শাকিল রহমানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, গতকাল দুপুরে শোয়েব ও শাকিলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় কলেজ ক্যাম্পাসে বিকট শব্দে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ পর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কে দিগিবদিক ছোটাছুটি করে। কলেজের প্রধান ফটকের সামনে অন্তত পাঁচটি ব্যাটারিচালিত ইজিবাইক ভাঙচুর করা হয়। এ ঘটনায় দুজন পথচারী আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের কলেজ শাখার নেতা-কর্মীরা তাৎক্ষণিকভাবে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।
এ ব্যাপারে কথা বলতে চেষ্টা করেও শোয়েব ও শাকিলের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
ছাত্রলীগের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বলেন, অনেক বছর ধরে এ কলেজে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। ছাত্রদলের ওই সংঘর্ষের ঘটনা কলেজের সুনাম নষ্ট করেছে।
সদর থানার ওসি বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।