ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্য ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ক্যাম্পাসে সংগঠনটির সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্য ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টার দিকে ছাত্রদল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কামাল-রণজিৎ মার্কেট থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এবং জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক এম এ সালাম রাসেলের পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ছয়জন নেতা-কর্মী আহত হন। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে সংগঠনের নেতা-কর্মীরা পালিয়ে যান।