ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ ধাওয়া-পাল্টাধাওয়া
নীলফামারী সার্কিট হাউসে সোমবার রাতে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিনের উপস্থিতিতে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, একটি মামলায় জামিন নিতে সোমবার রাতে নীলফামারীতে আসেন জয়নাল আবদিন। রাতে তিনি আইনজীবী ও ছাত্রদলের নেতাদের নিয়ে বৈঠকে বসেন। জেলা ছাত্রদলের সভাপতি কাজী আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক মোরশেদ আজমসহ ছাত্রদলের নেতারা সার্কিট হাউসে গেলে অপর একটি পক্ষ তাঁদের বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় উভয় পক্ষের ১০ জন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সাধারণ সম্পাদক মোরশেদ আজম অভিযোগ করেন, ছাত্রদলের সহসভাপতি হাসানুজ্জামান তৌহিদের নেতৃত্বে বহিরাগতরা তাঁদের ওপর হামলা চালিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে এ ঘটনার জন্য আখতারুজ্জামানকে দায়ী করেন হাসানুজ্জামান।