ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

পূর্বশত্রুতা ও অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এম এ সালাম ও সোহরাব হোসেনের পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।
আহত ব্যক্তিরা হলেন সালামের সমর্থক জুয়েল, ইসমাইল ও সুজন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী জানান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল মোট চারটি পক্ষে বিভক্ত। এ চারটি পক্ষের নেতৃত্ব দেন সভাপতি ইয়ার মাহমুদ, সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, যুগ্ম সম্পাদক এম এ সালাম ও সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন। গতকাল রাত আটটার দিকে এম এ সালাম ও সোহরাব হোসেনের পক্ষের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শোডাউন করাকে কেন্দ্র করে বাগিবতণ্ডা ও পরে সংঘর্ষ হয়। সংঘর্ষে সালাম পক্ষের তিনজন কর্মী আহত হয়েছেন।
এ বিষয়ে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন জানান, ছাত্রলীগ নামধারী অনেকেই সালামের পক্ষে কাজ করেন। এ বিষয় নিয়ে কথা বলায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এম এ সালাম বলেন, ‘আমাদের শোডাউন ও জনবল দেখে সোহরাব পক্ষের কর্মীরা ঈর্ষান্বিত হয়ে সংঘর্ষ ঘটিয়েছে।’

জসীম উদ্দিন জানান, দলের শৃঙ্খলা নষ্টকারী যে-ই হোক না কেন, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।