ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে তিনজন আহত হয়েছেন। গত শুক্রবার রাতে এ সংঘর্ষ হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রদল জানায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল চার ভাগে বিভক্ত। চারটি পক্ষের নেতৃত্ব দেন সভাপতি ইয়ার মাহমুদ, সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, যুগ্ম সম্পাদক এম এ সালাম ও সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মহড়া দেওয়া নিয়ে এম এ সালাম ও সোহরাব হোসেনের পক্ষের মধ্যে বাগিবতণ্ডা ও সংঘর্ষ হয়। এতে সালাম পক্ষের তিন কর্মী জুয়েল, ইসমাইল ও সুজন আহত হন। সোহরাব হোসেন জানান, ছাত্রলীগ নামধারী অনেকেই সালামের পক্ষে কাজ করেন। মূলত ছাত্রলীগ নামধারীদের কারণেই সংঘর্ষের সৃষ্টি হয়েছে। এম এ সালাম বলেন, ‘আমাদের মহড়া দেখে সোহরাব পক্ষের কর্মীরা ঈর্ষান্বিত হয়ে সংঘর্ষ ঘটিয়েছেন।’