ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইফতার অনুষ্ঠানে সৃষ্ট বাগিবতণ্ডাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে স্থানীয় পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই আবুল হাশেম, বিএনপির কর্মীসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন।
নাসিরনগরের প্রত্যন্ত চাতলপাড় ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার অনুষ্ঠানে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল রানা ও ছাত্রদলের সাবেক নেতা তাবারক উল্লাহর সমর্থকদের মধ্যে গতকাল বৃহস্পতিবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় চাতলপাড় বাজারের ওয়ালটনের শোরুমসহ অন্তত ৩০টি দোকান ভাঙচুর করা হয়।
এসআই আবুল হাশেম জানান, ইফতার অনুষ্ঠানে ছাত্রদলের সভাপতি সোহেল ও ছাত্রদলের সাবেক নেতা তাবারককে আমন্ত্রণ জানানো হয়। তাঁদের মধ্যে তুচ্ছ ঘটনায় কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। পরে তাঁরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।