ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভ্যন্তরীণ বিরোধে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরের চৌমুহনায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে পৌর ছাত্রদলের ছয়জন নেতা-কর্মী আহত হয়েছেন। আহত ছাত্রদের একজনের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষের সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। গতকাল রোববার বেলা দেড়টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার-সংলগ্ন চৌমুহনায় এ ঘটনা ঘটে।ছাত্রনেতা গোলাম রব্বানী তৈমুর জানান, গণমহাবিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিলে যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ে উপজেলা চৌমুহনা অতিক্রমের সময় কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পৌর কাউন্সিলর আনসার শোকরানা, ছাত্রদলের নেতা সোহেল আহমদ ও রাসেলের নেতৃত্বে ৮-১০ জন তাঁদের ওপর হামলা চালান। এ সময় তাঁদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পৌর ছাত্রদলের নেতা রাসেল হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, দুপুরে উপজেলা চৌমুহনা এলাকায় একটি চা-দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলার সময় গোলাম রব্বানী তৈমুর, মিছবাহ উদ্দিন, ওবায়দুল সালেহ ও খালেদুর রহমানের নেতৃত্বে কয়েকটি মোটরসাইকেল নিয়ে ছাত্রদল নামধারী সন্ত্রাসীরা তাঁদের ওপর হামলা চালান। এতে তিনিসহ মোশাহীদ ও রণি আহত হন। অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের সভাপতি পৌর কাউন্সিলর আনসার শোকরানা বলেন, ‘দুপুরে পৌর পরিষদের টেন্ডার কমিটির সভায় ছিলাম। হামলার সঙ্গে আমি জড়িত নই।’ কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, ভাঙচুর হওয়া একটি মোটরসাইকেল এখন পুলিশি জিম্মায় আছে।