ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গতকাল বৃহস্পতিবার ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। সম্প্রতি গঠিত পৌর ছাত্রদলের কমিটি নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জেলা বিএনপির একটি সূত্রে জানা গেছে।সংঘর্ষে মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. নাদিম মাহমুদসহ আহত চার ছাত্রদলের নেতাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।ছাত্রদলের নেতা-কর্মীদের একটি সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের পদবঞ্চিত আলাউদ্দিন-সুমন পক্ষের সমর্থকেরা মাটিরাঙ্গা ডিগ্রি কলেজ শাখার সভাপতি পদপ্রার্থী মো. হাবিবুর রহমানকে কলেজ গেট এলাকায় মারধর করে। পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন অভিযোগ করেন, হামলার পর বিক্ষুব্ধ ছাত্রদলের নেতারা বিষয়টি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র আবু ইউসুফ চৌধুরীকে জানানোর জন্য পৌরভবনে যাওয়ার সময় দুপুর সাড়ে ১২টায় দ্বিতীয় দফায় হামলা করা হয়। এতে ছাত্রদলের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।সংঘর্ষে নবগঠিত পৌর কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. নাদিম মাহমুদ (২৫), কলেজ ছাত্রদলের নেতা মো. হাবিবুর রহমান (২৬), ছাত্রদলের নেতা মো. মাসুম (২২) ও মো. আবদুল কাদের (২৭) আহত হন। মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সব্যসাচী নাথ জানান, আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মাটিরাঙ্গা পৌর মেয়র আবু ইউসুফ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছাত্রদলের পৌর কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব ছিল। দ্বন্দ্বের কারণেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ইউসুফ মিঞা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।