ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি, সমাবেশ পণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গতকাল রোববার ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতির ঘটনায় বিএনপির সমাবেশ পণ্ড হয়ে গেছে। দলের আটক নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি ও দেশব্যাপী গণগ্রেপ্তারের প্রতিবাদ এবং ১৮ ও ১৯ মার্চের হরতাল সফল করতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিক্ষোভ মিছিল বের করে উপজেলা বিএনপি। মিছিলের একপর্যায়ে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের জন্য ঢাকা-সিলেট মহাসড়কের কিবরিয়া স্কোয়ারে যেতে থাকে। একপর্যায়ে ছাত্রদলের দুই পক্ষের নেতা-কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটলে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।মাধবপুর পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ বলেন, তাঁরা সফলভাবে বিক্ষোভ মিছিল করেছেন। ছাত্রদলের ঘটনাটি তাঁরা মীমাংসার চেষ্টা করছেন।