ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক হাবিব রশিদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। কর্মসূচি অনুযায়ী ৮ এপ্রিল সারা দেশে বিক্ষোভ সমাবেশ এবং ১২ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেবে সংগঠনটি।গতকাল বুধবার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশে বক্তারা ছাত্রদল নেতা হাবিবের ওপর সন্ত্রাসী হামলার জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগকে দায়ী করেন। তাঁরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।সমাবেশে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালনকারী জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাবিবকে হত্যা করতে তাঁর ওপর গুলি বর্ষণ করা হয়েছে। বর্তমান সরকারের আমলে এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলছে। ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমকে ধরে নিয়ে গুম করা হয়েছে। কিছু দিন আগে এক আলেমকে হত্যা করা হয়েছে। আইনের শাসনের পরিবর্তে সরকার সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।