ছাত্রদলের ধর্মঘটে অচল ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দফা দাবিতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ডাকা ধর্মঘটের প্রথম দিনে আজ শনিবার ক্যাম্পাসে কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
সকালে পুলিশি পাহারায় ঝিনাইদহ ও কুষ্টিয়া থেকে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বাস ক্যাম্পাসে প্রবেশ করেছে। সব কটি বাস আসতে না পারায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে পারেননি। তাই ক্লাস-পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে না।
এদিকে সকাল সোয়া নয়টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়াগামী তিনটি গাড়ি দীপ্তিপাড়া এলাকায় পৌঁছালে সেগুলো লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় একটি গাড়ির কয়েকটি কাচ ভেঙে যায়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘আমাদের নির্ধারিত দাবি মেনে না নেওয়া হলে আমরা লাগাতার ধর্মঘটের ডাক দেব।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যেভাবে বিষয়টি নিষ্পত্তি সম্ভব, সেভাবে চেষ্টা চালানো হচ্ছে।’
গত মঙ্গলবার গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলামের মুক্তিসহ পাঁচ দফা দাবিতে আজ ও আগামীকাল রোববার ক্যাম্পাসে ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি।