ছাত্রদলের নয় কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহর গাড়িতে ছাত্রদলের কর্মীদের হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগে জেলা ছাত্রদল থেকে নয়জনকে বহিষ্কার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মাহফুজ-উন-নবী জানান, এ ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি জহির আলম ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামানকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বহিষ্কৃত নেতা-কর্মীরা হলেন ছাত্রদল শহর কমিটির সদস্য রুবি হাসান, সাইদ মিয়া, ফারুক হোসেন, আক্তার মিয়া, নগরের ২০ নম্বর ওয়ার্ড শহর সম্পাদক মেহেদী হাসান, রংপুর সরকারি কলেজ ছাত্রদল শাখার সদস্য ইসমাইল হোসেন, ইব্রাহিম হোসেন ও আলতাফ মিয়া এবং কারমাইকেল কলেজের সদস্য রেজাউল করিম। জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন বলেন, হান্নান শাহর গাড়িতে হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তবে ১৫ সেপ্টেম্বরের বিএনপির জনসভায় এর কোনো প্রভাব পড়বে না।