ছাত্রদলের নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে বিএনপি-যুবদলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে দলীয় প্রতিপক্ষের সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে জমির উদ্দিন ভূঞা (৩২) নামে ছাত্রদলের এক নেতাকে হত্যা করেছে এবং এ সময় এলাকাবাসীর পিটুনিতে জাকির জাহান নামে এক সন্ত্রাসী আহত হয়।এদিকে নিহত জমিরের পক্ষের লোকজন গতকাল রোববার সকালে প্রতিপক্ষ ইউনিয়ন যুবদলের সভাপতি ও একই গ্রামের শহীদুল্লাহর বাড়িতে গিয়ে তাঁর ঘরে অগ্নিসংযোগ করেছে। এতে দুটি বসতঘর পুড়ে গেছে। শনিবার রাত সাড়ে নয়টার দিকে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা বাজারের পাশে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। রাতেই পুলিশ শিমুল (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে। নিহত জমির সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মৃত নূরুল হক ভূঞার ছেলে এবং স্থানীয় কসকা কমিউনিটি সেন্টারের মালিক ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি। পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার রাত সাড়ে নয়টার দিকো জমির তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান কসকা কমিউনিটি সেন্টার থেকে চার-পাঁচজন সঙ্গীসহ বাড়ির উদ্দেশে রওনা হন। কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর আগে থেকে ওত পেতে থাকা স্থানীয় যুবদলের নেতা শহীদুল্লাহ, জয়নাল, শুক্কুর, শিমুলের নেতৃত্বে ১৫-১৬ জন সন্ত্রাসী তাঁদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে আতঙ্কের সৃষ্টি করে। কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা জমিরকে উপর্যুপরী কুপিয়ে মুমূর্ষু অবস্থায় পাশের ধানখেতে ফেলে যায়। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন জমিরকে ধানখেত থেকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এলাকাবাসী ধানখেতে লুকিয়ে থাকা জাকিরকে ধরে গণপিটুনি দেন। তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায় তার অবস্থা আশঙ্কাজনক।খবর পেয়ে রাতেই ফেনী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ শিমুল নামে একজনকে গ্রেপ্তার করেছে। ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুল আফসার সন্ত্রাসী হামলায় একজন নিহত এবং গণপিটুনিতে একজন আহত ও একজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছে।