ছাত্রদলের নেতাকে ছাত্রলীগের পিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমকে গতকাল সোমবার বেধড়ক পিটুনি দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। রেজাউলকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনার তীব্র নিন্দা ও হামলাকারীদের বিচারের দাবি জানিয়েছেন ছাত্রদল ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতা-কর্মীরা।ছাত্রদলের একাধিক নেতা-কর্মী বলেন, গতকাল দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক ফটকে ছিলেন রেজাউল করিম। এ সময় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি জোনায়েদুল হক ও সাংগঠনিক সম্পাদক হাওলাদার মুহিবুল্লার নেতৃত্বে সাত-আটজন নেতা-কর্মী রড ও বাঁশের লাঠি দিয়ে তাঁকে বেধড়ক পিটুনি দেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সাভারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে তাঁকে। রাত নয়টা পর্যন্ত তাঁর চেতনা ফেরেনি বলে ছাত্রদলের এক কর্মী জানিয়েছেন।হামলার অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের সহসভাপতি জোনায়েদুল হক বলেন, ‘ছাত্রদলের নেতা-কর্মীরা উদ্দেশ্যমূলকভাবে ঘটনার জন্য আমাদের দায়ী করছেন। ছাত্রদলের ওই নেতা ক্যাম্পাসে নাশকতার চেষ্টা চালানোয় সাধারণ শিক্ষার্থীরা তাঁকে মারধর করেন।’ ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জাকিরুল ইসলাম বলেন, তিন দিনের মধ্যে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। নইলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।