ছাত্রদলের নেতার নামে সামাজিক বনায়নের জমি ইজারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের নারিশ্চা বিটের আওতায় ছাত্রদলের নেতার নামে সামাজিক বনায়নের জমি ইজারা দেওয়া হয়েছে। ওই জমি থেকে ১৫-১৬ বছর ধরে ভোগদখলে থাকা সাতটি পরিবারের বসতঘর ভেঙে গত রোববার বিকেলে দখল উচ্ছেদ করেন বন কর্মকর্তারা। স্থানীয় লোকজন জানান, রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের নারিশ্চা এলাকার পাহাড়ি জমিতে বসতঘর নির্মাণ করে বসবাস করে সাতটি পরিবার। তারা এখানে বিভিন্ন প্রজাতির গাছের চারাও রোপণ করে, যা এখন মূল্যবান সম্পদে পরিণত হয়েছে। অথচ বন বিভাগের নারিশ্চা বিট কর্মকর্তা ও রেঞ্জ কর্মকর্তা ওই জমি থেকে বসতঘর ভেঙে উচ্ছেদ করেন তাদের। এ সময় পদুয়া ইউনিয়ন ছাত্রদলের নেতা মাহবুবর রহমানসহ কয়েকজন বন কর্মকর্তাদের সঙ্গে ছিলেন। নারিশ্চা বিট কার্যালয়ের বনপ্রহরী আলী আহমদ চৌধুরী জানান, উপজেলার পদুয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহবুবর রহমান ওই জমি থেকে দখলদারদের উচ্ছেদের জন্য বিভাগীয় বন কর্মকর্তার বরাবর আবেদন করেন। তিনিসহ ১৮ জনের নামে ওই জমি সামাজিক বনায়নের আওতায় বরাদ্দ থাকায় দখলদারদের উচ্ছেদ করা হয়। নুরুন্নবী ও শহীদুল্লাহসহ কয়েকজন দখলদার জানান, ভোগদখলে রয়েছে, এমন ব্যক্তি অগ্রাধিকার ভিত্তিতে সামাজিক বনায়নের জমি ইজারা পাওয়ার নিয়ম থাকলেও চারদলীয় জোট সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পদুয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহাবুবর রহমান তাঁর ১৮ জন সহযোগীর নামে ওই জমি ইজারা নেন। সেই সূত্রে জমি দখলের জন্য বন বিভাগকে প্রভাবিত করেন তিনি।এ প্রসঙ্গে মাহবুবর রহমান জানান, তাঁর সঙ্গে এলাকার আরও ১৭ জনের নামে এ জমি ইজারা দেওয়া হয়েছে। কিন্তু দখলদারেরা বর্তমান ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে ওই জমিতে সাম্প্রতিক সময়ে বসতঘর তৈরি করে বসবাস শুরু করেন। ফলে দখল উচ্ছেদের জন্য তিনি বিভাগীয় বন কর্মকর্তার বরাবর আবেদন করেন।চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা জহুরুল হক বলেন, ‘বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে ওই জমি থেকে বসতঘর ভেঙে দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। এর বাইরে আমার কিছু বলার নেই।’ এর চেয়ে বেশি কিছু জানতে চাইলে এলাকায় গিয়ে জেনে আসার পরামর্শ দেন তিনি।