ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ
ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের বিক্ষোভ থেকে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ করেন ছাত্রদলের পদবঞ্চিত নেতা-কর্মীরা। একপর্যায়ে ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের ৩০-৪০ জনের একটি দল তাঁদের ধাওয়া দেয়। এ সময় দুটি ককটেলের বিস্ফোরণ ও একটি গাড়ির কাচ ভাঙচুরের ঘটনা ঘটে।
মতিঝিল অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মেহেদী হাসান প্রথম আলো ডটকমকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রদলের বিদ্রোহী নেতারা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। এ সময় আরেকটি গ্রুপ তাঁদের ধাওয়া দেয়। পরে পুলিশ দুই গ্রুপকে ধাওয়া দিয়ে পরিস্থিতি শান্ত করে।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গঠনের পর থেকে সংগঠনটির নেতা-কর্মীদের একটি অংশ দাবি করে আসছেন, তাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও তাঁদের কমিটিতে পদ দেওয়া হয়নি। তাঁরা শুরু থেকেই বর্তমান কমিটির বিরুদ্ধে বিক্ষোভ করে আসছেন।