তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বাসভবনে ককটেল হামলার ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়াসহ সংগঠনের পাঁচ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ অভিযোগপত্র জমা দেওয়া হবে বলে তদন্ত-সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
বাকি চার আসামি হলেন ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের জ্যেষ্ঠ সহসভাপতি শরিফউদ্দিন ওরফে জুয়েল, মিরপুর থানা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি ফিরোজ আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য আকিল মাহমুদ ও তিতুমীর কলেজ শাখার কর্মী মাহবুবুল আলম। তাঁদের মধ্যে আকিল ও মাহবুবুল গ্রেপ্তার হওয়ার পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা বর্তমানে কারাগারে আছেন।
তবে ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া প্রথম আলোর কাছে দাবি করেন, এ ঘটনায় ছাত্রদল জড়িত নয়। এটা সরকারের সাজানো নাটক। তিনি বলেন, ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য গ্রেপ্তার হওয়া দুই কর্মীকে নির্যাতন চালিয়ে তাঁদের কাছ থেকে জবানবন্দি আদায় করে সংগঠনের নেতাদের আসামি করা হচ্ছে।
জানতে চাইলে মামলার তদন্ততদারক কর্মকর্তা ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া আসামিদের জিজ্ঞাসাবাদ, আদালতে তাঁদের দেওয়া জবানবন্দি ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ৬৭ দিনের মাথায় এ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হচ্ছে।
গত ৯ জুন বেলা সোয়া দুইটার দিকে রাজধানীর দারুসসালাম এলাকায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বাড়ি লক্ষ্য করে চারটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে বাসার জানালা, তিনতলার দেয়াল ও বারান্দা ক্ষতিগ্রস্ত হয়। তখন তথ্যমন্ত্রী বাসায় ছিলেন না। এ ঘটনায় তথ্যমন্ত্রীর ছেলে শমিত আশফাকুল হক বাদী হয়ে দারুস সালাম থানায় বিস্ফোরণ আইনে একটি মামলা করেন। মামলাটির তদন্তের দায়িত্ব পায় ডিবি।
তদন্ত-সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, এ ককটেল হামলায় জড়িত হিসেবে তথ্যপ্রযুক্তির সহায়তায় ছাত্রদলের কর্মী মাহবুবুল আলম ও আকিল মাহমুদকে শনাক্ত করা হয়। তাঁদের ২৪ জুন গ্রেপ্তার করা হয়। এরপর রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাঁরা এ ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতিসহ অন্যদের জড়িত থাকার ব্যাপারে তথ্য দেন।
ডিবি সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে মাহবুবুল ও আকিল বলেছেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সব সময় বিএনপির বিষোদ্গার করেন। এতে ক্ষুব্ধ হয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি এ হামলার সিদ্ধান্ত নেয়। ৯ জুন ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়ার পরিকল্পনায় মহানগর উত্তরের সহসভাপতি শরিফউদ্দিনের নির্দেশে ছাত্রদলের সংশ্লিষ্ট নেতা-কর্মীরা বৈঠক করেন। তাঁরা ১০ জুন জামায়াতের আহূত হরতালের দিন তথ্যমন্ত্রীর বাসায় ককটেল হামলার পরিকল্পনা করেন। যাতে হামলার দায়ভার জামায়াত-শিবিরের ওপর বর্তায়। ওই বৈঠকে সিদ্ধান্ত হয় বনানী থানা ছাত্রদলের নেতা রবিন, মাসুদ ও মিম সরাসরি ককটেল নিক্ষেপ করবে। তিতুমীর কলেজ শাখার সভাপতি পদপ্রার্থী হিমেলকে ককটেল সরবরাহের দায়িত্ব দেওয়া হয়। বিষয়টি মাঠপর্যায়ে তদারক করেন আকিল মাহমুদ ও ফিরোজ আহমেদ।
ডিবির কর্মকর্তারা জানান, হামলায় অংশগ্রহণকারীদের ছাত্রদলের বিভিন্ন কমিটিতে পদ-পদবি দেওয়ার লোভ দেখিয়ে উদ্বুদ্ধ করা হয়। মাহবুবুল ও রবিন ওই দিন মন্ত্রীর বাসা লক্ষ্য করে চারটি ককটেল ছোড়েন। পাশে ছিলেন আকিল ও ফিরোজ। হিমেলসহ আরও কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করেন।
তবে উল্লিখিত রবিন, মাসুদ, মিম ও হিমেলের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা পাওয়া যায়নি। তাই তাঁদের অভিযোগপত্রে আসামি করা যাচ্ছে না বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ। তিনি বলেন, পরবর্তী সময়ে তাঁরা গ্রেপ্তার হলে কিংবা পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া গেলে তাঁদের আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়ার সুযোগ রয়েছে।