ঢাকার ধামরাইয়ে গতকাল বুধবার ছাত্রদলের দুই পক্ষ একই স্থানে পাল্টাপাল্টি ইফতার অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিলে উত্তেজনা দেখা দেয়। প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে। ওই স্থানে কোনো ইফতার অনুষ্ঠান হয়নি।ধামরাই থানার পুলিশ ও দলীয় সূত্র জানায়, সপ্তাহ খানেক আগে ধামরাই উপজেলা ছাত্রদল ধামরাইয়ের বারবারিয়া এলাকায় ইফতার অনুষ্ঠান করার ঘোষণা দেয়। অনুষ্ঠানে বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও ধামরাইয়ের সাবেক সাংসদ জিয়াউর রহমানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। অন্যদিকে ধামরাই উপজেলা চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তমিজ উদ্দিনের সমর্থক ছাত্রদলের নেতা-কর্মীরা গতকাল দুপুরের পর একই স্থানে পাল্টা ইফতার অনুষ্ঠানের ঘোষণা দেন। তাঁরা প্রতিপক্ষের মঞ্চ ভেঙে ফেলেন বলেও অভিযোগ ওঠে। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহিরুল ইসলাম গতকাল বিকেল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বারবারিয়া এলাকায় ১৪৪ ধারা জারি করেন। ১৪৪ ধারা জারি করায় ধামরাই উপজেলা ছাত্রদল ওই নির্ধারিত স্থানের এক কিলোমিটার দূরে ইফতার অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ জিয়াউর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল্লাহ আল নোমান। জিয়াউর রহমান অভিযোগ করেন, গতকাল ধামরাই সদরে আওয়ামী লীগের ইফতার অনুষ্ঠান সফল করতেই তমিজ উদ্দিন পাল্টা অনুষ্ঠানের ঘোষণা দিয়ে প্রশাসনকে ১৪৪ ধারা জারি করতে সহায়তা করেন। এ বিষয়ে তমিজ উদ্দিনের মন্তব্য জানতে তাঁর ব্যক্তিগত মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।