ছাত্রদলের পাল্টাপাল্টি সমাবেশ ও মিছিল
তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে নগর ছাত্রদলের বিবদমান দুটি পক্ষ। গতকাল মঙ্গলবার সকালে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে ছাত্রদলের পদবঞ্চিতরা এবং বিকেলে একই স্থানে নবগঠিত ছাত্রদল কমিটি মিছিল ও সমাবেশ করে।
সকালে ‘চট্টগ্রাম মহানগর ছাত্রদলের পদবঞ্চিত তৃণমূল নেতা-কর্মী’র ব্যানারে মিছিল বের করেন ছাত্রদলের পদবঞ্চিতরা। মিছিল-পূর্ব সমাবেশে ছাত্রদলের নতুন কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানান নেতৃবৃন্দ।
মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের সভাপতি সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ওই সমাবেশে বক্তব্য দেন আবদুল হামিদ, আজম উদ্দিন, বজল আহম্মেদ, মোহাম্মদ খোরশেদ আলম প্রমুখ।
চট্টগ্রাম নগর ছাত্রদলের কমিটি বাতিলের দাবি জানিয়ে নেতারা বলেন, এই পকেট কমিটি বাতিল করতে হবে। এদের দিয়ে আন্দোলন হবে না। এদিকে বিকেলে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন প্রাঙ্গণে সমাবেশ শেষে মিছিল বের করে নবগঠিত নগর ছাত্রদল। এই কর্মসূচিতে অংশ নেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন। সমাবেশে বক্তব্য দেন নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ, যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ। গত ২১ জুলাই নগর ছাত্রদলের ১১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।
অন্যদিকে গতকাল দুপুরে নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে নগর বিএনপি। এই কর্মসূচিতে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ডা. শাহদাত হোসেন অংশ নেন।
পটিয়ায় ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ: পটিয়া প্রতিনিধি জানান, চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজে গতকাল মঙ্গলবার সকালে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্ত দিবস পালন নিয়ে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন রাজ্জাক, সাব্বির ও বেলাল।