ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার গোডাউন এলাকায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। হামলায় ছাত্রদলের ১৫ নেতা-কর্মী আহত হন। গতকাল মঙ্গলবার বেলা দুইটায় এ ঘটনা ঘটে। নেতা-কর্মীরা জানান, গতকাল ছাত্রদলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের জন্য রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের জিয়ানগর এলাকায় জিয়াউর রহমানের প্রথম কবরে জড়ো হচ্ছিলেন নেতা-কর্মীরা। রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদল সেখানে বিক্ষোভ মিছিল, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করে। রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনসুর উদ্দিন জানান, রাঙামাটি জেলা থেকে ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী মোটরসাইকেলে করে বেলা দুইটায় মরিয়মনগর ডিসি সড়ক দিয়ে জিয়ানগর এলাকায় আসার পথে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া পৌরসভার গোডাউন এলাকায় তাঁদের আটক করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরা এলোপাতাড়ি হামলা চালিয়ে ছাত্রদলের ১৫-১৬ নেতা-কর্মীকে আহত করেন। রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি আবু শাহাদাত মো. সায়েম জানান, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের কতিপয় নেতা-কর্মী লাঠি ও লোহার রড নিয়ে পরিকল্পিতভাবে ছাত্রদলের নেতা-কর্মীদের মিছিলে হামলা চালান। এ সময় ১৫-১৬ জন নেতা-কর্মীকে আটক করে মারধর করা হয়। এ ঘটনায় আহত রাঙামাটি জেলা ছাত্রদলের সহসভপতি আবদুল মামুন, সাংগঠনিক সম্পাদক নজরুল করিম, দপ্তর সম্পাদক কামাল হোসেন, সহ-দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম, সদস্য আরিফুল ইসলাম, সদর থানা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলী আকবরকে রাঙমাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নাছের উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, মিছিলকারীরা বহিরাগত। ছাত্রদলের নেতা-কর্মী কি না, তা বোঝার উপায় ছিল না। তবে যাওয়ার পথে তাঁরা পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছিলেন। এ জন্য নেতা-কর্মীরা তাঁদের আটক করে মারধর করেন। উত্তেজিত জনতার ধাওয়ায় নেতা-কর্মীদের অনেকে পালিয়ে যান। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত বলেন, উপজেলার প্রত্যন্ত এলাকা ও চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের প্রথম কবরে পুষ্প অর্পণ করেন। কবরের পাশে অনুষ্ঠিত আলোচনা সভায়ও অংশ নেন। কিন্তু ছাত্রলীগের বাধা ও মারধরের কারণে রাঙামাটি জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা সভায় অংশ নিতে পারেননি। আহত ব্যক্তিদের নিয়ে তাঁরা রাঙামাটি ফিরে যান।