তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বাসভবনে হামলায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েলের নামে অভিযোগ দাখিলের প্রতিবাদে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চার পক্ষে বিভক্ত হয়ে কর্মসূচি পালন করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
এ সময় কয়েকজন ছাত্রদল নেতা-কর্মীকে ছাত্রলীগের নেতা-কর্মীরা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে কয়েকজন ছাত্রদল নেতা-কর্মী আহত হন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালামের নেতৃত্বে তাঁর অনুসারীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে এটি সমাজবিজ্ঞান অনুষদের সামনে গিয়ে শেষ হয়। দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের জ্যেষ্ঠ সভাপতি নেছারুল ইসলামের নেতৃত্বে আরেকটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সামনে থেকে শুরু হয়ে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। অন্যদিকে ছাত্রদলের জ্যেষ্ঠ নেতা কে আলমের অনুসারীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এলে ছাত্রলীগের নেতা-কর্মীদের বাধার সম্মুখীন হয়। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা কয়েকজন ছাত্রদল নেতাকে মারধর করেন। এতে ছাত্রদলের কর্মী ইমরান খান, জুয়েল ও ইয়ামিন আহত হন। তাঁদের মধ্যে ইমরানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রদল নেতা কে আলম প্রথম আলোকে বলেন, ‘আমার কর্মীরা ক্যাম্পাসে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে গেলে ছাত্রলীগের কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এর বিচার চাই।’
অন্যদিকে ছাত্রদলের আরেক জ্যেষ্ঠ নেতা নুরুল হুদার নেতৃতে দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের বাধার সম্মুখীন হয়। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা মনিরুজ্জামান রুবেল নামে এক ছাত্রদল কর্মীকে মারধর করেন বলে অভিযোগ করেন নুরুল হুদা। নুরুল হুদা বলেন, আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করতে গেলে পুলিশ ও ছাত্রলীগ আমাদের বাধা দেয়। পরে ছাত্রলীগের কর্মীরা আমাদের ওপর হামলা করেন। এতে আমাদের এক কর্মী আহত হন।