ছাত্রদলের বৈঠকে ধাক্কাধাক্কি
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ বিকেলে নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই ঘটনা ঘটে।
মে দিবসের শ্রমিক সমাবেশ সফল করার লক্ষ্যে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতারা আজ বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় বসেন। বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী ও সহসম্পাদক সুলতান সালাউদ্দিনও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকের একাধিক সূত্র জানায়, বৈঠকে ছাত্রদলের আন্দোলনের ব্যর্থতা নিয়ে কেউ কেউ জবাবদিহি করেন। একপর্যায়ে সংগঠনের সহসভাপতি আবু সাঈদ গত ২৯ ডিসেম্বর গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচি উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া টাকার বিষয়ে জানতে চান। বৈঠকে উপস্থিত বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এর ব্যাখ্যা দিতে গেলে তাঁর কথার সঙ্গে অন্য একজন ভিন্নমত পোষণ করেন। এ সময় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী কথা বলতে উঠলে তাঁর সঙ্গে আবু সাঈদের কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় ওই দুই নেতার অনুসারীদের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে সংগঠনের সাবেক সভাপতি শহীদ উদ্দীন ও সুলতান সালাউদ্দিনের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
তবে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী বলেন, বৈঠকে ধাক্কাধাক্কি বা কোনো বিশৃঙ্খলা হয়নি। বিভিন্ন বিষয় নিয়ে নেতারা কথা বলেছেন, আন্দোলনের ব্যর্থতার কথা বলেছেন। এ সময় কিছু ভুল-বোঝাবুঝি, কথা-কাটাকাটি হয়েছে।