ছাত্রদলের বৈঠকে নেতাদের মধ্যে বাগিবতণ্ডা
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবসের কর্মসূচি ঠিক করতে ছাত্রদলের বৈঠকে বাগিবতণ্ডা হয়েছে। গতকাল বুধবার বিকেলে নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় নেতাদের তোপের মুখে পড়েন পদে থাকা সংগঠনটির শীর্ষ নেতারা।
তারেক রহমানের কারামুক্তি দিবস ও স্বাধীনতা দিবসের কর্মসূচি ঠিক করতে ওই বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকের একাধিক সূত্র জানায়, কেন্দ্রীয় নেতারা দীর্ঘদিনের ক্ষোভের প্রকাশ ঘটান। তাঁরা বিভিন্ন বিষয়ে ভারপ্রাপ্ত শীর্ষ নেতাদের জবাবদিহি চান। এতে বৈঠকে উত্তেজনার সৃষ্টি হয়। সূত্র জানায়, বৈঠকে ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন না। তাঁর অনুপস্থিতিতে তোপের মুখে পড়েন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক ও সাংগঠনিক সম্পাদক রাজীব আহসান।
ক্ষুব্ধ নেতাদের কেউ কেউ জানতে চান, বর্তমানে যাঁরা ভারপ্রাপ্ত সভাপতি-সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন, তাঁরা কিসের ভিত্তিতে ভারপ্রাপ্তের দায়িত্বে আছেন। নির্বাচন প্রতিহত করার আন্দোলনের সময় তাঁরা কোথায় ছিলেন, কেন সে সময় সংগঠনে সমন্বয় হয়নি। বিএনপি ও বিভিন্ন স্থান থেকে আন্দোলনের জন্য দেওয়া টাকা কীভাবে খরচ হয়েছে, কেন্দ্রীয় নেতাদের তা কেন জানানো হয়নি—সে প্রশ্নও তাঁরা তোলেন।
জানতে চাইলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক প্রথম আলোকে বলেন, ‘বৈঠকে কোনো বাগিবতণ্ডা হয়নি। বৈঠকে একেকজনের একেক ধরনের মতামত থাকে। সবাই মতামত দেন, এসব মতামত নিয়ে পক্ষে-বিপক্ষে বিতর্ক হয়, এটা বাগিবতণ্ডা বা সে ধরনের কিছু নয়।’
ওবায়দুল হক বলেন, বৈঠকে সবার মতামতের ভিত্তিতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে ৮ ও ৯ মার্চ দুই দিনের কর্মসূচি ঠিক করা হয়েছে।