ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগার
প্রতীকী ছবি

চার বছর আগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা দ্রুত বিচার আইনের একটি মামলায় ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত মঙ্গলবার এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবী ও আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মামলার অভিযোগপত্রভুক্ত আসামি আবদুস সাত্তার পাটোয়ারী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০১৭ সালের ২ এপ্রিল রাজধানীর পল্টনে যানবাহন চলাচলে বাধা ও ভাঙচুর চালানোর অভিযোগে দ্রুত বিচার আইনে পল্টন থানায় ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় ১২ এপ্রিল রাজিব আহসানসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। আবদুস সাত্তার পাটোয়ারীর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান, মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।