ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবেদ আটক
বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ শনিবার বেলা আড়াইটায় রাজধানীর এলিফ্যান্ট রোডে ছাত্রদল একটি মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় তাঁকে আটক করে পুলিশ। বর্তমানে তাঁকে ডিবির কার্যালয়ে রাখা হয়েছে।
ছাত্রদলের সূত্রগুলো বলছে, ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল আটক হওয়ার পর সংগঠনটির জ্যেষ্ঠ সহ-সভাপতি আবেদকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
এদিকে বজলুল করিম চৌধুরী আবেদকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির নতুন ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম ফিরোজ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির।
সংগঠনটির দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান হয়।
বিবৃতিতে বলা হয়, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে চলমান আন্দোলনের দুই মাসে ইতিমধ্যেই ১৫ জন ছাত্রদল নেতাকে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের ক্যাডারা গুলি করে হত্যা করেছে। ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভুইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ ও জ্যেষ্ঠ সহ-সভাপতি পরবর্তীতে ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদসহ শত শত নেতা-কর্মী কে গ্রেপ্তার করেছে। এভাবে হত্যা, হামলা-মামলা ও গ্রেপ্তার করে ছাত্রদলের ভূমিকাকে দুর্বল করা যাবে না। বরং ছাত্রদল ঐক্যবদ্ধভাবে কেন্দ্র থেকে মাঠপর্যায়ে তীব্র আন্দোলন গড়ে তুলে তাদের মুক্তিকে ত্বরান্বিত করবে।