ছাত্রদলের মঞ্চ ভাঙার পর ১৪৪ ধারা ভেঙে ছাত্রলীগের সমাবেশ
বরিশালের হিজলা উপজেলায় গত শনিবার রাতে ছাত্রদলের সভার মঞ্চ ছাত্রলীগের নেতা-কর্মীরা ভাঙচুর করে সেই মঞ্চেই সমাবেশ করেছে ছাত্রলীগ।
উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মনির হোসেন জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে রোববার দুপুর ১২টায় কর্মিসভা আহ্বান করা হয়। এ জন্য উপজেলার খুন্না বাজারসংলগ্ন ইভদো সোসাইটি মাঠে শনিবার মঞ্চ নির্মাণ করা হয়। কিন্তু ওই দিন রাত সাড়ে আটটায় উপজেলার হিজলা কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মান হোসেন ও ছাত্রলীগের নেতা মিজানুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা হামলা চালান। তাঁরা ছাত্রদলের নেতা-কর্মীদের মারধর এবং মঞ্চ ভাঙচুর করেন। হামলায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলমসহ আট-দশজন নেতা-কর্মী আহত হন।
হিজলা থানার ওসি মো. শওকত আনোয়ার জানান, শনিবার রাতে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ওই ঘটনার পর উভয় পক্ষ গতকাল একই স্থানে সমাবেশের ঘোষণা দেয়। এতে উত্তেজনা সৃষ্টি হলে ওই স্থানে সকাল সাতটা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, ১৪৪ ধারা জারির কারণে ইভদো সোসাইটি মাঠে ছাত্রদল গতকাল কোনো কর্মসূচি পালন করেনি। কিন্তু ছাত্রলীগ ১৪৪ ধারা ভেঙে গতকাল দুপুরে সেখানে মিছিল-সমাবেশ করে।
ছাত্রদলের সভাপতি মনির হোসেন প্রথম আলোকে বলেন, ‘১৪৪ ধারা জারি করায় আমরা গতকাল ওই স্থানে যেতে পারিনি। তবে ছাত্রলীগ ঠিকই সমাবেশ করেছে।’
১৪৪ ধারা ভঙ্গের বিষয়ে ছাত্রলীগের নেতা সোলায়মান বলেন, ‘১৪৪ ধারা জারির ঘোষণা দিয়ে মাইকে প্রচার করা হয় আমাদের সমাবেশের পর।’ আর আগের দিন রাতে ছাত্রদলের নেতা-কর্মীদের মারধর ও মঞ্চ ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেন তিনি।