ছাত্রদলের মঞ্চ ভেঙে ছাত্রলীগের সমাবেশ
বরিশালের হিজলা উপজেলায় গত শনিবার রাতে ছাত্রদলের সভার মঞ্চ ভাঙচুর করে সেই মঞ্চেই সমাবেশ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মনির হোসেন জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে রোববার দুপুর ১২টায় কর্মিসভা আহ্বান করা হয়। এ জন্য উপজেলার খুন্না বাজারসংলগ্ন ইভদো সোসাইটি মাঠে শনিবার মঞ্চ নির্মাণ করা হয়। কিন্তু ওই দিন রাত সাড়ে আটটায় হিজলা কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মান হোসেন ও ছাত্রলীগের নেতা মিজানুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা হামলা চালান। তাঁরা ছাত্রদলের নেতা-কর্মীদের মারধর এবং মঞ্চ ভাঙচুর করেন।
হিজলা থানার ওসি মো. শওকত আনোয়ার জানান, শনিবার রাতে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ওই ঘটনার পর উভয় পক্ষ গতকাল একই স্থানে সমাবেশের ঘোষণা দেয়। এতে উত্তেজনা সৃষ্টি হলে ওই স্থানে সকাল সাতটা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
ছাত্রলীগের নেতা সোলায়মান বলেন, ‘আমাদের সমাবেশের পর ১৪৪ ধারা জারির ঘোষণা দিয়ে মাইকে প্রচার করা হয়। ছাত্রদলের নেতা-কর্মীদের মারধর ও মঞ্চ ভাঙচুরের অভিযোগ সত্য নয়।’