ছাত্রদলের মতবিনিময় সভায় ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদলের দক্ষিণ জেলা শাখার মতবিনিময় সভা উপলক্ষে চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় গতকাল শনিবার বিকেলে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির দক্ষিণ জেলা শাখার বিভিন্ন নেতার নামে কর্মীরা স্লোগান-পাল্টা স্লোগান দিলে উত্তেজনা দেখা দেয়।
ছাত্রদলের দক্ষিণ জেলা শাখার মতবিনিময় সভা উপলক্ষে দুপুর থেকেই নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন দোস্ত বিল্ডিং ও আশপাশের এলাকায়। বেলা আড়াইটার দিকে দোস্ত বিল্ডিংয়ের কার্যালয়ে সভা শুরু হয়।
এ সময় ছাত্রদলের কয়েকটি পক্ষ ভবনের নিচে দাঁড়িয়ে বিএনপির দক্ষিণ জেলার নেতাদের নামে স্লোগান দিতে থাকে। এর মধ্যে বিএনপির দক্ষিণ জেলা শাখার সহসভাপতি এনামুল হক, সাবেক সংসদ গাজী শাহজাহান ওরফে জুয়েল ও সরওয়ার জামাল নিজামের নামে স্লোগান শোনা যায়।
একপর্যায়ে বেলা তিনটার দিকে পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। নেতা-কর্মীদের মধ্যে হুড়াহুড়ি পড়ে যায়। তবে ঘটনাস্থল ঘিরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন থাকায় বিবদমান নেতা-কর্মীরা সংঘাতে জড়াতে পারেননি। পুলিশ ঘটনাস্থল থেকে ছোরাসহ একজনকে আটক করেছে।
কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মীর্জা সায়েম বলেন, ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল করছিলেন। অতর্কিতভাবে কে বা কারা ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এরপর বিকেল সাড়ে পাঁচটার দিকে পুনরায় আরও দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় নিউমার্কেট থেকে কোতোয়ালি পর্যন্ত এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের এলাকাগুলোতেও যানবাহন চলাচল সীমিত হয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম বলেন, তল্লাশির সময় ছাত্রদলের এক কর্মীর কাছে একটি ছোরা পাওয়া গেছে। তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
বাইরে উত্তেজনা থাকলেও দোস্ত বিল্ডিংয়ে দলীয় কার্যালয়ে নির্বিঘ্নে মতবিনিময় সভা করেছে ছাত্রদলের দক্ষিণ জেলা শাখা।
এতে সভাপতিত্ব করেন ছাত্রদলের দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক জসীম উদ্দিন। কেন্দ্রীয় সহসভাপতি জাভেদ হাসান ওরফে স্বাধীন ও যুগ্ম সম্পাদক মশিউর রহমান ওরফে মিশুর নেতৃত্বে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাত সদস্যের একটি দল মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিল।