ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিলে গতকাল রোববার হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে ছাত্রদলের আহ্বায়কসহ কমপক্ষে ১০ জন কর্মী আহত হন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, চলতি শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে গতকাল দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজার নেতৃত্বে নেতা-কর্মীরা ক্যাম্পাসে মিছিল বের করেন। মিছিলটি টুকিটাকি চত্বরের সামনে এলে ছাত্রলীগের কর্মী হাবিব, মশিহুর, ফয়সাল, আবদুল্লাহ, জাকির, আতিক, বেহেস্তি, মনিরসহ ২৫-৩০ জন লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে আরাফাত রেজা, রিগান, সুলতান আহম্মেদ, উজ্জ্বল, জাফরসহ কমপক্ষে ১০ জন আহত হন। আরাফাত রেজা অভিযোগ করে বলেন, নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদল ক্যাম্পাসে মিছিল বের করলে ছাত্রলীগের নেতা-কর্মীরা পুলিশের সহযোগিতায় পরিকল্পিতভাবে হামলা চালান। হামলায় তিনিসহ তাঁর সংগঠনের কমপক্ষে ১০ জন নেতা-কর্মী আহত হন। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আহম্মেদ আলী ও সাধারণ সম্পাদক আবু হোসাইন জানান, ক্যাম্পাসে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ নষ্ট করাসহ ক্যাম্পাসকে অস্থিতিশীল করতেই ছাত্রদলের নেতা-কর্মীরা ওই মিছিল বের করেন। এ কারণে ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রদলের নেতা-কর্মীদের ক্যাম্পাস থেকে বের করে দেন। প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, বিষয়টি তিনি শুনেছেন। প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে।