ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের সমর্থনে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের বের করা মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের লাঠিপেটায় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা হরতালের সমর্থনে সকাল সাড়ে সাতটায় কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের সামনে মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি কেওয়াটখালী যাওয়ার সময় পুলিশ তাতে বাধা দেয় এবং লাঠিপেটা করে। এতে অন্তত ১০ জন আহত হন। তাঁদের মধ্যে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রাশেদুল ইসলাম গুরুতর আহত হন। তাঁকে বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়।

এদিকে, মিছিলে যোগ দিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেটে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন মোজাহিদুর নামের এক শিক্ষার্থী। ছাত্রলীগের আট-দশজন কর্মী তাঁকে বেধড়ক পিটিয়েছেন। তাঁকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের দ্বিতীয় বর্ষের ছাত্র।

মোজাহিদুরকে শিবিরকর্মী দাবি করে ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ মুর্শেদুজ্জামান খান বলেন, ‘সে (মোজাহিদুর) ক্যাম্পাসে শিবিরের প্রচারণা চালাচ্ছিল।’ তবে ছাত্রশিবিরের সভাপতি এরশাদুল হক দাবি করেন, মোজাহিদুর তাঁদের কর্মী নন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জসিমউদ্দিন জনি বলেন, প্রশাসনের মদদে পুলিশ ও ছাত্রলীগ পরিকল্পিতভাবে এ  হামলা চালিয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, পুলিশ কোনো লাঠিপেটা করেনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. শহীদুর রহমান খান বলেন, ‘ছাত্রদল মিছিল করেছে। এর বেশি কিছু আমার জানা নেই।’